ভারতে একদিনে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার রেকর্ড

আপডেট : ২১ জুন ২০২১, ২৩:২৪

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার টিকা পেয়েছেন ৮০ লক্ষ মানুষ। দিন শেষে রেকর্ডের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, পরিসংখ্যান দেখে আনন্দিত তিনি। সোমবার (২১ জুন) এখবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, মোদি টুইট করেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাই আমাদের মূল অস্ত্র। আজকের রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণের মাত্রা আমাকে আনন্দিত করেছে। যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের শুভেচ্ছা জানাই। আর যে প্রথমসারির করোনা যোদ্ধারা করোনা টিকা দিচ্ছেন, তাদেরও শুভেচ্ছা। ওয়েল ডান ইন্ডিয়া।’

শেষ এপ্রিল মাসের ২ তারিখে রেকর্ড সংখ্যায়, ৪২ লক্ষের বেশি টিকাকরণ হয়েছিল ভারতে। রবিবার পর্যন্ত যা ছিল সর্বোচ্চ। সোমবারের হিসাব তা ভেঙে দিল। বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের হাতেই পুরো টিকাকরণের দায়িত্ব রয়েছে। রাজ্যের জন্য বরাদ্দ ২৫ শতাংশ-সহ উৎপাদনের ৭৫ শতাংশ টিকাই কিনছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ শতাংশ যাঁরা টাকা দিয়ে টিকা নিতে চাইছেন, তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে।

ইত্তেফাক/এসএ