‘জমিদার বাড়ি’র সেঞ্চুরি

আপডেট : ২২ জুন ২০২১, ১৫:৩৮

খণ্ড নাটকগুলোই এখন দর্শকের মূল আগ্রহে। কখনো জনপ্রিয় তারকাদের উপর ভর করে কখনোবা গল্প ও নির্মাণের মুন্সিয়ানায় সারা বছরজুড়েই প্রচুর নাটক থাকে আলোচনায়। তবে তার ভিড়ে কিছু ধারবাহিক নাটকও রয়েছে যেগুলো দর্শক তৈরি করে নিতে পেরেছে।

তাদের একটি ‘জমিদার বাড়ি’। বৈশাখী টেলিভিশনের তারকাবহুল এ ধারাবাহিক নাটকের ১০০ পর্ব প্রচার হতে যাচ্ছে আগামীকাল ২৩ জুন বুধবার রাত ৯টা ২০ ও ১১টা ৩০ মিনিটে।

টিপু আলম মিলনের সংলাপ-চিত্রনাট্যে ও সাজ্জাদ হোসেন দোদুনের পরিচালনায় ‘জমিদার বাড়ি’তে অভিনয় করেছেন মনোজ সেন গুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, শাহনূর, সঞ্চিতা দত্ত, মিলন ভট্ট, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু প্রমুখ।

১০০ পর্বে প্রচার উপলক্ষে পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘দর্শকদের অকৃত্রিম ভালোবাসাই নাটকটিকে এতদূর নিয়ে এসেছে। বিশেষ করে নাটকটি মানসম্পন্ন করার জন্য অভিনয় শিল্পীদের আন্তরিকতা এবং আমার চেষ্টার কোনো কমতি ছিল না। সর্বোপরি নাটকের গল্পের কথা না বললেই নয়। টিপু আলম মিলন ভাইয়ের গল্প অসাধারণ। কাহিনী দর্শকদের ভালো না লাগলে কিন্তু নাটকটি এতদূর টেনে আনা সম্ভব হতো না। এ রকম অ সাধারণ গল্প দেয়ার জন্য তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।’

নাটকের কাহিনিকার বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক  টিপু আলম মিলন বলেন, নাটকের জন্য প্রতিটি গল্পতেই ভিন্নতা আনার চেষ্টা করি, ধারাবাহিক ‘জমিদার বাড়ি’ও ব্যতিক্রম নয়। দর্শকদের ভালোবাসা নিয়ে নাটকটি ১০০ পর্ব প্রচার হচ্ছে জেনে ভালো লাগছে। ভালো গল্প, ভালো অভিনেতা-অভিনেত্রী এবং ভালো নির্মাতা হলে দর্শক তা দেখবেই। নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুলের প্রতি আমার বিশ্বাস আছে, সে নাটকটিকে আরো জনপ্রিয় করে তুলতে পারবে বলে আমি মনে করি। ইতোমধ্যেই জমিদার বাড়ির ভেতরকার অন্তঃকলহ, দ্বন্দ্ব-সংঘাত আর নানা জল্পনা-কল্পনায় নাটকটি জমে উঠেছে।

ইত্তেফাক/বিএএফ