ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জে ফুলের ব্যবসা জমজমাট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৬

ফুল ভালোবাসা সৌন্দর্য বিশুদ্ধতা ও শ্রদ্ধার প্রতীক। ফেব্রুয়ারি মাসটি একদিকে যেমন ভালোবাসার, অন্যদিকে শ্রদ্ধার। এ মাসেই ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বিশেষ দিন রয়েছে। মাসটিকে ঘিরে তাই প্রচুর ফুল বেচাকেনা হয়। এ মাসটি তাই ফুল ব্যবসায়ীদের জন্য ‘সিজন’ হিসেবে খ্যাত। ফেব্রুয়ারি মাসটি বিবাহর জন্যও বিশেষ মাস, এ মাসে অনেকেই ছেলে-মেয়ের বিবাহর আয়োজন করে থাকেন।

নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ফুল ব্যবসায়ীরা বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ মাসের শুরু থেকেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয়জনকে উপহার দিতে মানুষ ফুল কিনে থাকেন। শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক ও ডিআইটি এলাকার একাধিক ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা জানান, এ বছরও ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে পাইকারি বিক্রেতাদের আগে থেকেই ফুলের অর্ডার দিয়ে রেখেছেন তারা। এ মাসে অন্যরকম চাহিদা থাকে গাঁদাফুল, জারবেরা, গোলাপ, বিভিন্ন ধরনের গ্লাডিয়াস, রজনীগন্ধা ফুলের। 

বিভিন্ন ফুলের পাইকারি দর:১ হাজার গাঁদাফুল ৮০ টাকা, ১ হাজার জারবেরা ৬০০ টাকা, একশ গোলাপ ৬০০ থেকে ৮০০ টাকা, বিভিন্ন ধরনের গ্লাডিয়াস গড়ে একশটির দাম ৭০০ টাকা, রজনীগন্ধা একশটির দাম ১ হাজার টাকা। এমন দরেই ফুল কিনে থাকেন বলে জানালেন নারায়ণগঞ্জের ফুল ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় ফুল ব্যবসায়ী সাফিন আহমেদ জানান, এ বছর আগে থেকেই আমরা ফুল ব্যবসায়ী ও পাইকারদের সাথে যোগাযোগ করে রেখেছি কারণ পরে অনেক বেশি দাম দিয়ে ফুল কিনতে হয় আমাদের। আর বেশি দামে কেনার ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। এবার আশা করি কিছুটা কম দামেই আমরা ফুল বিক্রি করতে পারবো। তিনি আরো জানান, এ মাসে ফুলের ব্যাপক চাহিদা থাকে। অনেক সময় এত চাহিদা আমাদের পক্ষেও মেটানো সম্ভব হয় না।