কাশ্মির ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ চান ইমরান খান

আপডেট : ২২ জুন ২০২১, ১৭:৫৭

গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে আর কথা বলার মতো কিছু নেই। এ বছর সেই কাশ্মির ইস্যু সমাধান কর‍তে ফের মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।  

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এইচবিও-র নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছে। তিনি বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যু মীমাংসার জন্য ফের মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাচ্ছেন তিনি। বাইডেনের আগে ট্রাম্প এ বিষয়ে পাকিস্তানের ডাকে সাড়া দিলেও এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা হয়নি তার।

Pakistan PM Imran Khan Again Seeks US Intervention On Kashmir

পাকিস্তানী প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতে যতবারই তৃতীয় কোনো পক্ষ কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ বা মধ্যস্থতার চেষ্টা করেছে, ততবারই ভারত সে চেষ্টা ভেস্তে দিয়েছে। জম্মু ও কাশ্মিরের যেকোনো সম্ভাব্য পরিবর্তনের বিরোধিতা করে ইসলামাবাদ সম্প্রতি যে বক্তব্য দিয়েছে, তার জবাবে নয়াদিল্লী বলেছে, এ অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। 

তিনি আরো বলেন, একবার কাশ্মির সমস্যা সমাধান হয়ে গেলে পরমাণু অস্ত্র ভাণ্ডারের আর কোনও প্রয়োজনীয়তাই থাকবে না। কাশ্মির নিয়ে যে মুহূর্তে বোঝাপড়া হয়ে যাবে, দুই প্রতিবেশী দেশ ভদ্রসভ্য মানুষের মতো বাঁচবে। পরমাণু অস্ত্রের আর প্রয়োজনই হবে না।

ইত্তেফাক/এএইচপি