ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৭

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে প্রবেশপত্র আটকে দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কার্ডপ্রতি তিনশত পঞ্চাশ টাকা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার নিকলি জে এ হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে। যেখানে শনিবার পরীক্ষা শুরু এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি সেখানে পরীক্ষার্থীদের টাকা প্রদানে বাধ্য করতে বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহজাহান জানান, প্রধান শিক্ষক কারো কথা শোনেন না। আমাদের না জানিয়ে অ্যাডমিট কার্ড আটকে টাকা আদায় করা হয়েছে। এমন কি আমার নিজের ছেলে শামীমের কার্ডের জন্যও ৩৫০ টাকা দাবি করা হয়েছে। শুধু তাই নয় ফরম ফিলাপের সময়ও ওই প্রধান শিক্ষক ছাত্র প্রতি সাড়ে চার হাজার টাকা আদায় করতে শুরু করেছিলেন কিন্তু আমাদের বাধার মুখে তা করতে পারেন নি। 

টাকা আদায়ের ব্যাপারে প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন অতিরিক্ত অর্থ আদায় করা হয়ে থাকলে শিক্ষকদের তা ফেরত দিতে বলেছি।  বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে ছুটি দিয়ে বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা জানান, তাত্ক্ষণিকভাবে আদায়কৃত টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনিয়মের জন্য প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যাডমিট কার্ড আটকে প্রধান শিক্ষক অতিরিক্ত অর্থ আদায় করতে পারেন না এমনকি এই মুহূর্তে তিনি স্কুলও বন্ধ রাখতে পারেন না ।