মহাজন বটতল-চন্দ্রঘোনা সড়ক বেহাল

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৩৮

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে রাঙ্গুনিয়া উপজেলার মহাজন বটতল থেকে চন্দ্রঘোনা ফেরিঘাট পর্যন্ত এলজিইডির আওতাধীন এক কিলোমিটার সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মানুষ। সরেজমিন দেখা গেছে, বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গেছে। কোথাও দেবে গেছে, কোথাও ইটের সলিং উপড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। খালি পায়ে হাঁটাও বিপজ্জনক হয়ে উঠেছে। এলাকাবাসী সড়কটির প্রয়োজনীয় সংস্কারসহ উন্নয়নের দাবি জানিয়েছে। পূর্ব হিন্দুপাড়া গ্রামের স্বজল বিশ্বাস, তোষণ সিংহ, নবগ্রামের নুরুল ইসলাম, মুসলিমউদ্দিন, রফিকুল ইসলামসহ অনেকে জানান, যানবাহন দূরের কথা এ সড়ক দিয়ে হাঁটাও ঝুঁকিপূর্ণ। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, সড়কটিতে স্থানীয় গ্রামবাসী ছাড়াও হাটবাজার, হাসপাতাল ও মিলকারখানাগামী বিভিন্ন শ্রেণির বহিরাগতরাও চলাচল করে। সড়কটি সিসি ঢালাই দ্বারা উন্নয়নের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি। চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর জানান, মহাজন বটতল থেকে চন্দ্রঘোনা ফেরিঘাট পর্যন্ত ইউপি সড়কের অংশে ২০০৮ সালে এইচবিবি ইটসলিং দ্বারা উন্নয়ন করা হয়েছিল। বর্তমানে সড়কটির চরম দুরবস্থায় যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। সড়কটির উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রকল্প প্রস্তাব করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, প্রস্তাবিত প্রকল্পের প্রাক্কলন তৈরি করে প্রেরণ করা হয়েছে। পরিচালকের অনুমোদন পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়ায় সড়কের উন্নয়ন করা হবে।