ঝিনাইদহে ৯ দিনের লকডাউন শুরু

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৫

ঝিনাইদহে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৯ দিনের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সোমবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মজিবর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। এসময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ ও গণপরিবহন চলাচল। তবে খোলা থাকবে ওষুধের দোকান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরো এক জন মারা গেছে। নতুন করে আরো ৩০ জন আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪২১ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় কনোরায় আক্রান্ত হয়ে মারা গেছে এক জন। মোট মৃত্যুর সংখ্যা ৭১ জন।