কেন্দুয়ায় আনসার ভিডিপির বৃক্ষরোপণ
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা কেন্দুয়া উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) আয়োজনে মঙ্গলবার সকালে বৃক্ষরোপণ এবং আনসার সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনসার ভিডিপির দলনেতা ও নেত্রীদের হাতে ভেষজ, ফলদ ও বনজ চারাগাছ তুলে দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনউদ্দিন খন্দকার। এর আগে ইউএনও মইনউদ্দিন খন্দকার উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।
নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চেক বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মেহেরুননেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ।
পীরগঞ্জে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে কৃষক দম্পতিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। এর আগে সোমবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লায়লা আরজুমান বেগম ও তানিয়া তাবসসুম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার।
সড়ক সংস্কারকাজের উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা থেকে পাইকগাছার মহান্দী পর্যন্ত ৫ দশমিক ৭৮০ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহারিয়ার হক, তালা উপজেলা সার্ভেয়ার (এলজিইডি) এস এম রফিকুল ইসলাম, ঠিকাদার জাকির তালুকদার প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী কমিশনার (ভূমি) রবিন শীষ প্রমুখ।
সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে কিশোরী-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ১৩টি কিশোরী-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
দেবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা কার্যালয়ের আয়োজনে দেবীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
