সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসীরা গত সোমবার রাতে হামলা চালিয়েছে। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে একই এলাকার ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা তার মাথার ক্ষত স্থানে ১৮টি সেলাই করেছেন। গতকাল বিকাল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন তীব্র নিন্দা জানিয়েছেন।
