কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোঃ দেলোয়ার হোসেন খান।
তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে কালীগঞ্জ পৌর এলাকায় মহিলা ডিগ্রী কলেজের বিপরীত দিকের একটি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে কালীগঞ্জ ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই মার্কেটের হোমিও ডাক্তার আবিদ হোসেনের হোমিও দোকান, মঞ্জুরের ফার্নিচারের দোকান, সাবেক ইউপি মেম্বার কবির হোসেনের ডেকোরেটরের দোকান, সেলিমের মোটর গ্যারেজ ও ওসমানের মাংসের দোকান পুড়ে যায়।
