রাঙ্গামাটিতে শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমাকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও নগদ ৪ লাখ টাকাসহ আটক করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার দুপুরে  জেলার কুতুকছড়ির উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. আনোয়ার জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুতুকছড়ির উত্তর পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ইউপিডিএফ এর বেশ কয়জন একত্রিত হয়ে চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে বৈঠক করছিল। অভিযানের সময় কুনেন্টু চাকমাকে গ্রেফতার করা গেলেও বাকিরা পালিয়ে যায়। অভিযানে ৪ টি মোবাইল ও ইউপিডিএফ এর চাঁদা আদায়ের রশিদও উদ্ধার করা হয়। রাঙ্গামাটি কোতয়ালী থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।