আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এদেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি ।
গতকাল মঙ্গলবার তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারো ওপর হিংস্র আচরণও করেনি, বরং প্রধানমন্ত্রী বিরোধী দলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপিই দানবীয় আচরণ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শত উসকানির বিপরীতে শেখ হাসিনা সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। শেখ হাসিনার উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা।
‘আওয়ামী লীগ হিংস্র’ মর্মে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পালটা প্রশ্ন রেখে বলেন, যাদের হাতে ২১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, তারা আজ আওয়ামী লীগকে হিংস্রতার কথা বলে! বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা চায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। আন্দোলনের নামে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই বিএনপির রাজনীতি। জনগণের প্রতি রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্বশীলতা রয়েছে তা পালনে বিএনপি অনেক আগেই ব্যর্থ হয়েছে।
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে বিএনপি যে নানামুখী ষড়যন্ত্র করছে, তা কারো অজানা নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার গঠনের আর কোনো বিকল্প পথ নেই, এটাই সংবিধানসম্মত পথ। জনগণ চাইলেই নির্বাচিত হবেন এবং সরকার গঠন করবেন। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই জনগণের প্রতি আস্থাশীল।
এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএর বোর্ড সভায় তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
