রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ২০১৪ সালে ইউক্রেনে অভ্যুত্থান ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। অভ্যুত্থানের মাধ্যমে দেশটির তত্কালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও এই অভ্যুত্থানে সমর্থন দিয়েছিল। খবর আলজাজিরার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নে জার্মানির হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে জনপ্রিয় জার্মান পত্রিকা ডাই জাইতে লেখা এক নিবন্ধে প্রেসিডেন্ট পুতিন এই অভ্যুত্থানকে ‘সংবিধানবিরোধী সশস্ত্র অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেন। মস্কো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। ক্রেমলিনপন্থি ভিক্টর ইয়ানোকোভিচকে অপসারণের পরই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্কে অবনতি হয়। ভিক্টর ইয়ানোকোভিচের বিদায়ের পর ইউক্রেনের কৃষ্ণসাগরের তীরবর্তী ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। দেশটি সেখানকার বিচ্ছিন্নতাবাদীদেরও সমর্থন দেয় এবং অস্ত্র সরবরাহ শুরু করে। পুতিন লিখেছেন, ঠান্ডা যুদ্ধের পর অনেক দেশকে পছন্দ করতে বাধ্য করা হয়, তারা রাশিয়া না কি পশ্চিমাদের সঙ্গে থাকবে।
