ঢাকা বাইপাস সড়ক (সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক) নির্মাণে ব্যয় বৃদ্ধিসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বাইপাস সড়কের প্রকল্পটি ২৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০১৬ সালের মার্চ মাসে শুরু হয়ে ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। এবার প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাত্ ব্যয় বেড়েছে ৪৩৮ দশমিক ২৪ কোটি টাকা বা ১৮৫ শতাংশ।
গতকাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বাইপাস নির্মাণের প্রকল্প বাস্তবায়নে এমনিতেই দেরি হয়ে গেছে। এখন নির্দিষ্ট মেয়াদের মধ্যে যাতে বাকি কাজ শেষ করা যায় সে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, লবণাক্ত এলাকায় শস্য চাষাবাদ, খাবার এবং যে কোনো ব্যবহারে লবণ পানি থেকে দূরে থাকতে হবে। টিউবওয়েল স্থাপন করে মাটির নিচ থেকে পানি না তুলে ভূ-উপরিস্থ পানির সদ্ব্যবহার করতে হবে। ঢাকার অদূরে গাজীপুর সিটি করপোরেশনকে আরো সুন্দর করে গড়ে তুলতে বলেছেন তিনি। এছাড়া উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরো বেশি গবেষণার নির্দেশ দিয়েছেন। সেসঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি বেশি গবেষণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির একটি নির্দিষ্ট সীমা থাকতে হবে, যাতে ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা না যায়।
গতকালের একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন হয়, এর মধ্যে তিনটি সংশোধিত। নতুন প্রকল্পের বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো—৩৭১ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর ক্ষতিগ্রস্ত কবিরহাট-ছমির মুন্সীরহাট-সোনাইমুড়ি সড়ক এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাসফিল্ড-সোনাইমুড়ি সড়ক উন্নয়ন প্রকল্প, ৬৮৫ কোটি টাকা ব্যয়ে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৮৬৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প :জেলা টাঙ্গাইল শীর্ষক প্রকল্প, ২৬১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার পল্লী এলাকার নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প, ৭৮২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য এবং বিভিন্ন অঞ্চলে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ প্রকল্প।
সভায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন হয়। ৮০৫ কোটি ৮৯ লাখ টাকার প্রকল্পটি এখন ৮৯৬ কোটি ৫২ লাখ টাকায় বাস্তবায়িত হবে। এর সময়ও দুই বছর বাড়ানো হয়েছে। এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন শীর্ষক অপর একটি প্রকল্পের ২য় সংশোধনী অনুমোদন হয়েছে। এতে ব্যয় বেড়েছে ৩৪৬ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া ২৫৮ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তদসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে।
