সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে ইসলামের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনটি ট্রাইব্যুনালের বিচারক এ কে এম তোফায়েল হাসান খারিজ করে দেন। অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ খবর জানিয়েছে।
সংসদ সদস্যের আইনজীবী ইকবাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী সশরীরে হাজির হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। অভিযোগের সপক্ষে আমরা ফেসবুকের লিংক, ছবি ও ভিডিও পেনড্রাইভে করে এবং এসবের কালার ফটোকপিও জমা দিয়েছিলাম। আদালত রাতে দেওয়া আদেশে মামলাটি গ্রহণ করেননি বলে শুনেছি। আমরা পূর্ণাঙ্গ আদেশ পাইনি।
গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হেফাজতের বিক্ষোভ-হরতাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চালানো সহিংসতার ঘটনায় মামলার আবেদনটি করেন উবায়দুল মোকতাদির। গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, খাঁটিহাতা হাইওয়ে থানা, জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদ ডাক বাংলো, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, সদর উপজেলা ভূমি অফিস ও আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ হয়েছিল। ঐ সব ঘটনায় ৫৬টি মামলাও হয়েছে।
