করোনা আক্রান্তদের নির্জন দ্বীপে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

আপডেট : ২৩ জুন ২০২১, ০০:৩৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় সংক্রমিত লোকজনকে নির্জন গুয়ানতানামো দ্বীপে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। তার এমন তুঘলকি সব কর্মকাণ্ডের তথ্য প্রকাশিতব্য একটি বইয়ে রয়েছে। ‘নাইটমেয়ার সিনারিও : ইনসাইড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’ নামের বইটি লিখেছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইয়াসমিন আবু তালেব ও দামিয়ান প্যালেটা। হোয়াইট হাউজের তত্কালীন কর্মকর্তাসহ ১৮০ জনের বেশি লোকের সাক্ষাত্কার নিয়ে বইটি তথ্যসমৃদ্ধ করা হয়েছে।

২৮ জুন বইটি বাজারে আসছে। বইয়ে ট্রাম্প প্রশাসনের নানা অজানা তথ্য আছে। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের সিচুয়েশন কক্ষে করোনায় সংক্রমিত মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হচ্ছিল। তখন ট্রাম্প উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের মালিকানায় একটা দ্বীপ আছে না? গুয়ানতানামো দ্বীপে নিলে কেমন হয়? আর আমরা বাইরে থেকে ভাইরাস নয়, মালামাল আমদানি করি।’ ট্রাম্পের এমন কথায় হোয়াইট হাউজের কর্মকর্তারা অবাক হয়ে যান। মার্কিন বন্দিশিবির হিসেবে কুখ্যাতি অর্জন করেছে এই দ্বীপ। —নিউজ১৮