বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো গত সোমবার অনুষ্ঠিত প্রথম দফা ইউপি নির্বাচন (ইউপি) সম্পর্কে বলেছে, নির্বাচন সম্পর্কে মানুষের যে সামান্য আস্থাটুকু ছিল, এই নির্বাচন সেটিও নিঃশেষ করল। নির্বাচন নিয়ে এ ধরনের ছেলেখেলা বন্ধ করার এবং সময় থাকতে নির্বাচনি ব্যবস্থা পুনর্গঠনের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে দলটি।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আরো বলেছে, কেবল বরিশাল বিভাগের নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশ ও র্যাবের নিষ্ক্রিয়তা, ক্ষেত্রবিশেষে সরাসরি সহযোগিতা সমস্ত নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে মানুষের আস্থা-বিশ্বাসকে চরমভাবে আঘাত করল। সামনের ধাপের নির্বাচনসমূহে যে একই ঘটনার পুনরাবৃত্তি হবে তা এখনই বলে দেওয়া যায়। বিবৃতিতে বলা হয়, ইউপি নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য অন্য প্রার্থীরা নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করেছেন। তারা প্রত্যেকেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিলেও মাঠের পরিস্থিতি ভিন্ন চিত্র দেয়।
