ময়লার ঠিকাদারি না পেয়ে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা

আপডেট : ২৩ জুন ২০২১, ০০:৩৯

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শুক্রাবাদ এলাকায় আবু বক্কর সিদ্দিক রুবেল (৩২) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার শুক্রাবাদের ৭২/১, ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, রুবেল কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয় বাসাবাড়ির ময়লা ফেলার ঠিকাদারি না পেয়েই আত্মহত্যা করেছেন। রুবেল বরিশালের হিজলা উপজেলা হরিনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। শুক্রাবাদে পরিবারসহ ভাড়া থাকতেন। দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

রুবেলের স্ত্রী লাবনী আক্তার বলেন, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রুবেলের ছোট ভাই ওসমান গনি জানান, রুবেল সিটি করপোরেশনের ময়লার ঠিকাদারি কাজ করতেন। সর্বশেষ টেন্ডারটি জোরপূর্বক দুই যুবলীগ নেতা নিয়ে নেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখাসহ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় পোশাককর্মী নিহত : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ট্রাকের চাপায় আইরিন আক্তার (২৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ১৮ জুন ভোরে আহত হয়ে ঢাকা মেডিক্যাল ও একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। আইরিনের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তার বাবার নাম আইয়ুব আলী ভুঁইয়া। যাত্রাবাড়ীর সায়েদাবাদে হুজুরের বাড়িতে থাকতেন। আইরিন দুই কন্যার জননী। নারায়ণগঞ্জের ইপিজেডের পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু : রাজধানীর কাওরান বাজারে রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মৃতের পরনে একটি ফুলহাতা শার্ট ও একটি লুঙ্গি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।