পা পিছলে নর্দমায় যুবক, ৯ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

আপডেট : ২৩ জুন ২০২১, ০০:৪৪

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ৭ নম্বর গলির উত্তর বাসাবো এলাকায় নর্দমায় পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিলপাড় মসজিদের পাশে বোতল টোকাতে গিয়ে পা পিছলে ময়লাবোঝাই নর্দমায় পড়ে তলিয়ে যান ঐ যুবক। ময়লার স্তূপ ও তীব্র পানির স্রোতের কারণে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেননি। পরে ৯ ঘণ্টার উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। আজ বুধবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, নিখোঁজ ঐ যুবকের নাম আবুল। তিনি খিলগাঁও ফ্লাইওভারের নিচে ভাসমান জীবন যাপন করেন। নিখোঁজ ব্যক্তির বন্ধু পরিচয় দেওয়া জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এসে আবুলের ময়লা কুড়ানোর বস্তা দেখে সেটা চিনতে পারেন। তিনি জানান, আবুল সকালে ঐ বস্তা নিয়ে ময়লা কুড়াতে বেরিয়েছিলেন। তার স্ত্রী সন্তান থাকলেও তারা আবুলের সঙ্গে থাকতেন না। আবুলের গ্রামের বাড়ি ফরিদপুর।

মো. রফিক নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি সিটি করপোরেশনের হয়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করেন। সকালে তিনি (রফিক) ময়লার ভ্যান নিয়ে কালভার্ট দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন আবুল  ড্রেনে জমে থাকা ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন। হঠাত্ তিনি পা পিছলে পড়ে যান। তলিয়ে যাওয়ার এক পর্যায়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিত্কার করছিলেন আবুল। তিনি ছুটে গিয়েছিলেন আবুলকে উদ্ধার করতে। কাছাকাছি গিয়ে দেখেন আবুলের হাত পানিতে ভাসছে। এরপরই তলিয়ে যান আবুল।

এদিকে আবুল নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু ময়লার স্তূপ ও বৃষ্টির পানির কারণে খালে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয় তাদের। এক পর্যায়ে ভেকু মেশিন দিয়ে ময়লার স্তূপ পরিষ্কারে কাজ শুরু করে সিটি করপোরেশন। কিন্তু তাতেও আবুলের খোঁজ মেলেনি। এ সময় ভিড় করে উত্সুক জনতাও।  খিলগাঁও থানাসহ পুলিশের মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যান।

ফায়ার সার্ভিসের ডুবুরি মাসুদুল হক জানান, নর্দমাটি ১০ থেকে ১২ ফুট গভীর। তবে নিচে ময়লার স্তূপ জমে এখন গভীরতা ছয় থেকে সাত ফুট। নিচে ময়লার কয়েকটি লেয়ার থাকলেও ময়লার মধ্যে মানুষ আটকে থাকার সম্ভাবনা কম। কারণ পানির অনেক স্রোত। আমার ধারণা, ঐ ব্যক্তি স্রোতে ভেসে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, তারা নিখোঁজের খবরটি পান ১০টা ৪ মিনিটে। এরপর ডুবুরিরা ধারাবাহিকভাবে তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। পরে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।