কাজের চাপ কমাতে সবাইকে ছুটি দিলো তারা

আপডেট : ২৩ জুন ২০২১, ১০:০৩

অফিসে কাজের চাপ কমাতে অনেকে যান বেড়াতে। আবার অনেকে চাপ নিয়েই নিত্যদিনের কাজ অব্যাহত রাখেন। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যে পদক্ষেপ নিয়েছে, তা বিরলই বলা চলে। ডেটিং অ্যাপ বাম্বল নামের প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে বিশ্বের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়োজিত বাম্বলের সাত শতাধিক কর্মীকে কাজে না এসে নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এই অবিশ্বাস্য ঘটনার তথ্য প্রথম প্রকাশ করেছেন বাম্বলের জ্যেষ্ঠ এক নির্বাহী। তিনি টুইটে বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হুইটনি উলফ কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।

Dating app Bumble, founded by SMU grad, aims to raise $1.8 billion in  initial stock offering

গত এপ্রিলে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, জুন মাসে পুরো এক সপ্তাহ বন্ধ থাকবে বাম্বলের সব কার্যালয়। তবে এ সময় যথারীতি সব কর্মীর বেতন অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে বাম্বলের একজন মুখপাত্র বলেছেন, ৭০০ এর অধিক কর্মীর বেশির ভাগই এক সপ্তাহের ছুটি কাটানো শুরু করেছেন। এর মধ্যে অ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাসংক্রান্ত কোনো কাজের জন্য প্রয়োজনে কিছু কর্মী কাজে যুক্ত থাকবেন, যারা মূলত সরাসরি গ্রাহকসেবা দিয়ে থাকেন। এই কর্মীদেরও পরে পুরো এক সপ্তাহের ছুটি দেওয়ার পরিকল্পনা আছে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে লকডাউনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষ ঘরবন্দী হয়ে পড়েন। সময় কাটাতে মানুষের অনলাইনে সঙ্গী খোঁজার হিড়িক পড়ে যায়। এর ফলে বাম্বল অ্যাপটির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায়। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত প্রতিযোগী অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছে প্রতিষ্ঠানটি। ভালো ব্যবসা হয়েছে তাদের। অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাও ব্যাপক বেড়েছে। ফলে প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে কয়েক গুণ।

ইত্তেফাক/টিআর