বিসিবির কেন্দ্রীয় চুক্তি

চার তরুণ ও ইমরুলের ফেরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪

গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) একটি বেসরকারি টিভির সদ্য সংবাদ ছিল, নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে যুক্ত হচ্ছেন ইমরুল কায়েস। আর সংবাদটি নাকি নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও পরে সেই সংবাদের সত্যতা গত কয়েকদিনেও মিলেনি।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ১৬তম সদস্য হিসেবে শেষ পর্যন্ত ডাক পড়েনি বাঁহাতি এই ওপেনারের। ওয়ানডে দলে অন্তর্ভুক্ত না হলেও ইমরুল কায়েস ফিরেছেন ২০১৯ সালের জন্য ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায়।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা অনুমোদন পায়। ১৭ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের নাম ঘোষণা করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ইমরুলের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেয়েছেন চার তরুণ ক্রিকেটার। বিসিবির চুক্তিতে এবারই প্রথম সুযোগ পেলেন আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। তারা সবাই আছেন রুকি শ্রেণিতে। ইমরুলের জায়গা হয়েছে ‘এ’ শ্রেণিতে। উন্নতি হয়েছে লিটন কুমার দাসের। রুকি থেকে ‘বি’ শ্রেণিতে উঠে এসেছেন তিনি। চুক্তি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছরের মতোই এবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদের।

তবে ‘এ’-প্লাস শ্রেণিতে আগের মতোই আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘এ’- শ্রেণিতে ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান আছেন। ‘বি’ শ্রেণিতে মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম থাকছেন। রুকি শ্রেণিতে রয়েছেন পাঁচ ক্রিকেটার। যেখানে চার তরুণের সঙ্গে আছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

এবার বেতন বাড়ানো হয়নি ক্রিকেটারদের। গত বছরের কাঠামো অনুযায়ীই বেতন পাবেন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। ২০১৮ সালের এপ্রিলে ঘোষিত চুক্তিতে ছিলেন ১০ ক্রিকেটার। পরে যোগ করা হয়েছিল আরও তিন ক্রিকেটারকে। লিটন দাস, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত অন্তর্ভুক্ত হয়েছিলেন। প্রথমবার সুযোগ পাওয়া অফস্পিনার নাঈম হাসান টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন।

সিলেটের দুই পেসার আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদের টেস্ট অভিষেক হয়েছিল গত বছর। টেস্টের ভবিষ্যত্ পেসার হিসেবেই তাদেরকে বিবেচনা করা হচ্ছে। তারা নিউজিল্যান্ড সফরের টেস্ট দলেও আছেন। এবার চুক্তিতেও রাখা হয়েছে তাদেরকে। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে গত বছরের শেষ দিকে। ধীরে ধীরে ভরসায় পরিণত হতে চলা এই তরুণকেও চুক্তিবদ্ধ করেছে বিসিবি।

 

‘এ’-প্লাস শ্রেণিতে ক্রিকেটাররা মাসিক চার লাখ টাকা বেতন পান। ‘এ’ শ্রেণিতে তিন লাখ, ‘বি’ শ্রেণিতে দুই লাখ এবং রুকি শ্রেণিতে ১ লাখ টাকা বেতন পান ক্রিকেটাররা।

গতকাল বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, চুক্তিবদ্ধ করলেও ইমরুলকে নিয়ে বলা তার কথা ভুলভাবে টিভিতে পরিবেশিত হয়েছে। সামগ্রিক ঘটনাপ্রবাহে ক্ষতি নাকি ইমরুলেরই হয়েছে। এখন সম্ভাবনা থাকা সত্ত্বেও এই বাঁহাতি ওপেনারের ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ কমে গেছে বলেই উল্লেখ করেছেন বিসিবি সভাপতি।

ইত্তেফাক/কেআই