ছিনতাইয়ের প্রস্তুতির সময় রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং চাঁন-জাদু গ্রুপ এবং ব্যান্ডেজ গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগ।
আজ বুধবার (২৩ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আ. আহাদ জানান, মঙ্গলবার (২২ জুন) মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে চান-জাদু গ্রুপের প্রধান যাদু। একই গ্রুপের অন্য দুই সদস্য হলো, রবিন ও নয়ন ইসলাম শুভ। এ ছাড়া ব্যান্ডেজ গ্রুপের দুই সদস্য হিরা ও রিপন।
উপপুলিশ কমিশনার আ. আহাদ বলেন, ‘গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় মদিনাবাগ, ওয়াসা রোডে মাদক সেবন করে এবং মান্ডাসহ আশপাশ এলাকায় দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো। কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয়। তারা স্মার্ট ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে থাকে।’
ইত্তেফাক/কেকে
