ঢাকা-১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আগা খান!

আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:১৭

তিন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। 

বুধবার (২৩ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

No description available.

জানা যায়, করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টি'র মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজালাল গণমাধ্যমকে বলেন, মোট পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়। বাকি চারজনের মনোনয়ন বৈধ ছিল। কিন্তু আজ আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু ছাড়া বাকি তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি বলেন, যেহেতু তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, সে হিসাবে বলা যায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে যার মনোনয়ন বাতিল করা হয়েছে, তিনি হাইকোর্টে গিয়েছেন কি না জানি না। তিনি প্রার্থিতা ফিরে পেলে দুই প্রার্থী নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৪ এপ্রিল সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৪ আসন। 

 

ইত্তেফাক/এনএ