কন্যার বাবা হলেন সাব্বির

আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৩৫

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

গত ২০ জুন ছিল বাবা দিবস। আর এই দিনেই দর্শকপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ বাবা হলেন। গত বছর ২০ আগস্ট তিনি বিথিকে বিয়ে করেন। বিয়ের দশ মাস পর সাব্বির-তিথির ঘর আলোকিত করে এক কন্যা সন্তানের জন্ম হয়। মাগুরা সদর হাসপাতালে ডা. তপন কুমার রায় সিজারের মাধ্যমে সাব্বিরের স্ত্রীর কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখান। সাব্বির তখন ঢাকায় ছিলেন; কিন্তু সন্তানের মুখ দেখার জন্য তিনি ছুটে যান মাগুরায়। বাবা দিবসে বাবা হতে পেরে খুবই আনন্দিত সাব্বির। সাব্বির বলেন, ‘সত্যি বলতে কি বিথি আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনেও যেন উন্নতি আসতে শুরু করেছে। বাবা-মায়ের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমি এখন সবকিছু মিলিয়ে বেশ ভালো আছি। আর এমন একটি দিবসে বাবা হলাম, যা আমার জন্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। বাবা দিবসে বাবা হয়েছি। তাও আবার কন্যা সন্তানের বাবা। এই অনুভূতি, এই সুখ, এই আনন্দ প্রকাশের সত্যিই ভাষা নেই আমার। বারবার শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে। সবার কাছে দোয়া চাই যেন আমার বাবা, মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে সুখে থাকতে পারি।’ তিনি জানান, মেয়ের নাম রাখা হয়েছে ‘প্রিয়’। পুরো নাম এখনো রাখা হয়নি। সাব্বির জানান, এরইমধ্যে তিনি ঢাকায় চলে এসেছেন। কারণ আগামী ঈদের জন্য তাকে ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। এরইমধ্যে তিনি সম্পন্ন করেছেন সরদার রোকনের ‘সিরিয়াল কিলার’, অপূর্ব আমিনের ‘সব বাবার বড় বাবা’, আনিসুর রহমানের ‘প্রবাসী প্রেমিক’, সাদনান রনির ‘মামা ভাগ্নে’, হারুন রুশোর ‘এমনও রঙ্গিন দিনে’। এছাড়াও সাব্বির আহমেদ নিয়মিত এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ নাটকেও নিয়মিত অভিনয় করছেন। শেষ করেছেন তানভীর হোসেন প্রবালের নির্দেশনায় ‘এনালগ লাইফ’ নাটকের কাজ। ১৯৯৬ সালে মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু সাব্বিরের। তার অভিনীত প্রথম নাটক ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। টিভিতে তার প্রথম অভিনীত নাটক তারেক খানের নির্দেশনায় ‘প্রেম সৈনিক’;  বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। তার প্রথম অভিনীত সিনেমা গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’। একই পরিচালকের ‘হরিজুপিয়া’য়ও অভিনয় করেন তিনি। বর্তমানে তিনি শ্যাম বানেগালের বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য বায়োপিক-এ বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চরিত্রে অভিনয় করছেন।