ভিন্ন গল্পে মিলি

আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৩৬

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

সোমেন চন্দ, বাংলাদেশের নরসিংদীতে জন্ম নেওয়া মার্ক্সবাদী সাহিত্য ও রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বাংলা সাহিত্যে প্রথম গণসাহিত্যে কাজ করা লেখক। যার নামে কলকাতা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে। ১৯৪২ সালের ৮ মার্চ ঢাকার বুদ্ধিজীবী, লেখকরা শহরে এক ফ্যাসীবাদ বিরোধী সম্মেলন আহবান করেন। সম্মেলন উপলক্ষে শহরে খুবই উত্তেজনা সৃষ্টি হয় এবং রাজনৈতিক মহল প্রায় তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। সম্মেলনের দিন সকালে উদ্যোক্তাদের অন্যতম তরুণ সাহিত্যিক সোমেন চন্দ আততায়ীর হাতে নিহত হন। তিনিই বাংলার ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। সেই সোমেন চন্দ’র গল্প ‘ভালো না লাগার শেষ’র নাট্যরূপ করেছেন আবুল হায়াত। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নাটকটি নির্মাণ করেছেন মাসুদ চৌধুরী। জানা যায়, শিগগিরই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। নাটকের গল্পে রাত্রি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। আরো অভিনয় করেছেন আবুল হায়াত, সাহাদাত্ হোসেন সহ আরো অনেকে। নাটকে ফারহানা মিলির অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন,  ‘মিলি আমাদের দর্শকনন্দিত সিনেমা মনপুরা’র নায়িকা। মিলি খুব ভালো অভিনয় করে। একটি মিষ্টি প্রেমের গল্পের নাটক এটি। নাটকটির নাট্যরূপ আমিই করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ ফারহানা মিলি বলেন, ‘এর আগে বাংলার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ শ্রদ্ধেয় সোমেন চন্দ’র গল্পে আমার অভিনয় করা হয়ে উঠেনি। গল্পের নাট্যরূপ দিয়েছেন আমাদের কিংবদন্তী অভিনেতা হায়াত আঙ্কেল। কাজটি সবকিছু মিলিয়ে খুব ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ এদিকে ফারহানা মিলি কিছুদিন আগে শাহেদ শরীফ খান সোহাগের পরিচালনায় একটি অনলাইন মার্কেটপ্লেস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ফারহানা মিলি অভিনীত একমাত্র সিনেমা ‘মনপুরা’। এই সিনেমায় অভিনয় করেই তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। এদিকে দীর্ঘদিন পরে হলেও উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফারহানা মিলি। ‘দীপ্ত’ টিভিতে গত  রমজান মাসে তার উপস্থাপনায় প্রচার হয় এবং দর্শকপ্রিয়তা পায় ‘স্বাদের রান্না’ অনুষ্ঠানটি। মিলি বলেন, ‘২০২১ সালটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। অভিনয়ের বাইরে যেসব বিষয়ে আমার আগ্রহ আছে কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি সেসব বিষয়ে নিজেকে নতুন করে আবার দেখতে চাই। সেলিম আল দীন স্যার আমাকে উপস্থাপনা করতে নিষেধ করেছিলেন, তিনি বলেছিলেন—তুই পারিস না, তোকে দিয়ে হবে না। তুই বরং অভিনয়টাই মনোযোগ দিয়ে কর। যে কারণে এতদিন উপস্থাপনা থেকে দূরে ছিলাম। কিন্তু স্বাদের রান্না অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ ভালো লাগছে।’ এদিকে এরইমধ্যে ফারহানা মিলি এশিয়ান টিভিতে প্রচার চলতি ‘গোবিন্দপুরের গল্প’ ধারাবাহিকে যুক্ত হয়েছেন। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন সোহেল রানা ইমন।