আনন্দ বিনোদন প্রতিবেদক
কণ্ঠশিল্পী নিপা মণ্ডলের বেড়ে ওঠা যশোরে সংগীত পরিমণ্ডলে। শিক্ষক অখিল বিশ্বাসের কাছে তার সংগীতে হাতেখড়ি। পরে সংগীতে তালিম নিয়েছেন দক্ষিণবঙ্গের উচ্চাঙ্গ সংগীত গুরু অধ্যক্ষ অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জির কাছে। পরবর্তী সময়ে লেখাপড়ার জন্য ঢাকায় চলে আসেন। লেখাপড়ার পাশাপাশি তিনি সংগীত চর্চা করেন নিয়মিতই। সম্প্রতি প্রকাশ হয়েছে তার প্রথম ডুয়েট অ্যালবাম ‘এলোমেলো পৃথিবী’। নিপা মণ্ডলের সঙ্গে গান করেছেন আতিক শামস। অ্যালবামটি সিটি চয়েজের ব্যানারে বাজারে এসেছে। অ্যালবামের গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। অ্যালবাম প্রসঙ্গে নিপা মণ্ডল বলেন, ‘আমার গানগুলো বেশ যত্ন করে করা হয়েছে। শ্রোতারা গানগুলো পছন্দ করলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।’ এর আগে প্রকাশিত নিপার আরও দুটি গান শ্রোতাদের হূদয় ছুঁয়েছে। ‘মন দিয়েছি তোকে ও ‘মনের দামে’ শিরোনামের গানে নিপার সহশিল্পী ছিলেন ইলিয়াস ও দীন ইসলাম। শিগগির তার আরও কয়েকটি নতুন গান রিলিজ হবে। বর্তমানে সেগুলোর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এদিকে ‘এলোমেলো পৃথিবী’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে বলেও জানালেন নিপা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই চলচ্চিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাই না। দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে মহরত অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাব।’
