স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরে ইসরাত জাহান মিম নামের এক কলেজছাত্রীর মৃত্যুর ১৬ দিন পর বুধবার দুপুরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। অভিযোগ উঠেছে, ঐ কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। তাই ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানমসহ মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি আবু মুসা সরকার উপস্থিতি ছিলেন। মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ জুন নগরীর আমাশু কুকরুল দক্ষিণপাড়ার বাসিন্দা কলেজছাত্রী ইসরাত জাহান মিমকে তার প্রতিবেশী বান্ধবী নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরদিন ঐ বাড়ির পাশে পুকুর থেকে মিমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এ ঘটনায় ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ এনে মিমের মা নার্গিস বেগম রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার কবর থেকে লাশ উত্তোলন করে পুলিশ। ঐ মামলায় বান্ধবী আইভি আক্তার, তার ছোট ভাই মুন্না এবং মুন্নার বন্ধু আল-আমিন ওরফে টাইগারকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পরশুরাম থানার এসআই আলতাফ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই হত্যার কারণ জানা যাবে। মিম হত্যা মামলায় গ্রেফতার তিন জনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল। বুধবার জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে।
