আনসার ও ভিডিপির সদস্যদের সভা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা বোদায় বুধবার আনসার ও ভিডিপি সদস্যদের উপজেলা পর্যায়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহিলা কলেজ হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম প্রধান অতিথি ছিলেন। বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার অবনীশ চন্দ্র মুনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মনু নদ সমীক্ষাবিষয়ক কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় নদী কমিশনের সহযোগিতায় বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর অর্নব মালাকারের পরিচালনায় মনু নদ সমীক্ষাবিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
