তরুণ শিল্পীদের ক্যানভাসে উজ্জ্বল গ্যালারি

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:২৯

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আর সবকিছুর মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এসেছিল স্থবিরতা। তবে অফিস-আদালত চালু হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনও জেগে উঠতে শুরু করেছে। গতকাল গ্যালারি চিত্রকে একযোগে দুইটি প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ বাংলাদেশের ছাপচিত্রের জনক। তার ৯৯তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হয়েছে এ প্রদর্শনী। তরুণ শিল্পীদের বর্ণিল ক্যানভাসে উজ্জ্বল হয়ে উঠেছে গ্যালারি চত্বর।

বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃত্ এই শিল্পীর স্মৃতি রক্ষার্থে রাজধানীতে এ বছর থেকে যাত্রা শুরু করেছে ‘সফিউদ্দিন শিল্পালয়’, ‘সফিউদ্দিন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিও’ এবং ‘সফিউদ্দিন আহমেদ সংগ্রহশালা’। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সফিউদ্দিন আহমেদ পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল উদ্বোধন করা হয় এ প্রদর্শনী। গতকাল বিকালে প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আনিসুজ্জামান ও শেখ মোহাম্মদ রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী সৈয়দ আবুল বার্ক আলভী।

প্রদর্শনী দুইটি হচ্ছে—সফিউদ্দিন শিল্পালয়ে ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ পদক’ প্রাপ্ত তিন জন তরুণ ছাপচিত্রীর বিশেষ প্রদর্শনী। আর সফিউদ্দীন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সদস্যদের নিয়ে বিশেষ প্রদর্শনী। পদকপ্রাপ্ত তিন শিল্পী হলেন—ফখরুল ইসলাম মজুমদার শাকিল, মো. শাহেদ হোসাইন ও মো. আশরাফুল আলম। এতে তিন শিল্পীর ৫৩টি ছাপচিত্র স্থান পেয়েছে। অপরদিকে, প্রিন্টমেকিং স্টুডিওর সদস্যদের নিয়ে আয়োজিত প্রদর্শনীতে ২০ জন শিল্পীর ২৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এতে অংশ নেওয়া শিল্পীরা হলেন—আসমিতা আলম শাম্মী, কামরুজ্জামান, সাদেক আহমেদ, ফাওয়াজ রব, আবদুল হালিম, ঝোটন চন্দ্র রায়, মো. মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, সুস্মিতা বড়ুয়া, তুরিন তাসমীরা দিশারী, ফয়সাল আবির, সামিয়া আহমেদ, ফাহমিদা সুমনা, চিত্রন সাহা, শাকিয়া মুমতাহিনা রিয়া, আরিফুল ইসলাম, জিন্নাতুন জান্নাত, জি এম মেহেদী হাসান, নুসরাত জাহান ও নাফিয়া তাবাসসুম। প্রদর্শনী চলবে ২ জুলাই পর্যন্ত। ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১/এ গ্যালারি চিত্রকে প্রদর্শনী প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।