লাখ টাকার জাল নোট ৩০ হাজারে বিক্রি

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে আবারও ধরা পড়েছে জাল টাকা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল নোট। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও অন্যান্য বাজারে জাল টাকা ছড়িয়ে দিতে তৈরি করা হচ্ছিল এগুলো। ১ লাখ টাকার জাল নোট মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে আসছিল চক্রটি। দুই তিন বছর ধরে এ কাজ করে এলেও অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে একটি চক্রের সদস্য মো. নাইমুল হাসান তৌফিক। সোমবার রাতে মেরুল বাড্ডা হাজি জয়নব উদ্দিন লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার জাল টাকার নোট, এ সব তৈরির কাজে ব্যবহূত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোনসেট ও ৪ হাজার ৮২০ আসল টাকাসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান বলেন, চক্রের  অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।