অভিজ্ঞতায় আস্থা নির্বাচকদের

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩১

তিন ফরম্যাটেই সাকিব, নতুন মুখ শামীম

 স্পোর্টস রিপোর্টার

করোনা সংক্রমণ বাড়ায় সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলেও সরকারের কাছ থেকে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের অনুমতি পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। গত মঙ্গলবার রাতে চূড়ান্ত সূচি প্রকাশ করেছিল জিম্বাবুয়ে। সূচি চূড়ান্ত হওয়ার পরদিনই তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি।

পূর্ণ শক্তির দল নিয়েই যাচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন বলেই আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে সব ফরম্যাটে সিরিজ জেতার আশা করছেন নির্বাচকরা। গতকাল সফরের জন্য টেস্টে ১৭, ওয়ানডেতে ১৭ সদস্যের এবং টি-২০ তে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

তিন ফরম্যাটেই দলে রয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ছুটি চাওয়ায় টি-২০ তে নেই মুশফিকুর রহিম। এ ফরম্যাটে দলে নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি। যুব বিশ্বকাপজয়ী দলের এ অলরাউন্ডার প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম করে তিন ফরম্যাটের দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। টেস্ট থেকে মিঠুন, ওয়ানডে থেকে সৌম্য, শেখ মেহেদী হাসান এবং টি-২০ থেকে মোসাদ্দেক, শান্ত, মিঠুন, আল-আমিন, হাসান মাহমুদ, মিরাজ, রুবেল বাদ পড়েছেন।

অভিজ্ঞদের নিয়ে দল ঘোষণা করলেও সফরটা চ্যালেঞ্জিং হবে মানছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ের কন্ডিশন আমাদের জন্য অবশ্যই কঠিন। ওদের আবহাওয়া আমাদের চেয়ে আলাদা। এটা আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং। ২০১৩ সালের চেয়ে আমাদের এই দল অনেক অনেক বেশি পরিণত এবং অভিজ্ঞ। অনেক খেলার অভিজ্ঞতা আছে। সেই হিসেবে আমি মনে করি, আমাদের ছেলেরা তিন সংস্করণেও ওখানে ভালো খেলবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে পেয়ে খুশি প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘সফরে তিন সংস্করণে আমরা সেরা খেলোয়াড়কে পাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আমাদের দলও তাকে পেয়ে উজ্জীবিত থাকবে।’

করোনাকালে পুরো সফরেই জৈব সুরক্ষা বলয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। নেই নির্দিষ্ট মেয়াদের কোয়ারেন্টাইন। হোটেলে পৌঁছে প্রথমবার নেগেটিভ রিপোর্ট পেলেই সুরক্ষা বলয়ে থেকে অনুশীলন করতে পারবেন সবাই। আগামী ২৮ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ। সবকটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশের ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশের ১৭ সদস্যের ওয়ানডে স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক  হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল  হোসেন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশের ১৬ সদস্যের টি-২০ স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্ল­ব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে

সফরের সূচি

তারিখ          ম্যাচ                ভেন্যু         সময়

৭-১১ জুলাই       একমাত্র টেস্ট           হারারে           দুপুর দেড়টা

১৬ জুলাই          প্রথম ওয়ানডে         হারারে           দুপুর দেড়টা

১৮ জুলাই          দ্বিতীয় ওয়ানডে        হারারে           দুপুর দেড়টা

২০ জুলাই          তৃতীয় ওয়ানডে        হারারে           দুপুর দেড়টা

২৩ জুলাই          প্রথম টি-২০            হারারে           বিকেল সাড়ে ৪টা

২৫ জুলাই          দ্বিতীয় টি-২০          হারারে           বিকেল সাড়ে ৪টা

২৭ জুলাই          তৃতীয় টি-২০           হারারে           বিকেল সাড়ে ৪টা

(৩-৪ জুলাই এবং ১৪ জুলাই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল)