ইসহারুল-জয়নুলের বিশ্ব রেকর্ড

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

কোনো ম্যাচ না জিতেই এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ওল্ডডিওএইচএসের সঙ্গে পারটেক্সেরও অবনমন হয়েছে। দুটি ক্লাবই আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলবে। গতকাল রেলিগেশন লিগে নিজেদের শেষ ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে চমকে দিয়েছেন পারটেক্সের দুই ব্যাটসম্যান ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলাম। বিকেএসপির ৩ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে ৯ম উইকেট জুটিতে ৭৩ রান তোলেন তারা।

তাতেই টি-২০ তে ৯ম উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন তারা। এর আগে সর্বোচ্চ ৬৯ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ডটি কোরি অ্যান্ডারসন ও জশ ডেভির দখলে ছিল। ২০১৭ সালে ওভালে সমারসেটের হয়ে সারের বিরুদ্ধে এই যুগলবন্দি উপহার দিয়েছিলেন তারা। গতকাল বিকেএসপিতে ইসহারুল-জয়নুলের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে পারটেক্স ২৭ রানে হেরেছে রূপগঞ্জের কাছে। আগে ব্যাট করে রূপগঞ্জ ৩ উইকেটে ২০০ রান তুলেছিল। দুই ওপেনারই গড়েন ১৬৯ রানের জুটি। মেহেদী মারুফ ৬৩ বলে ৯৪ রান (৯ চার, ৬ ছয়), জাকের আলী ৭৬ রান করেছিলেন। জবাবে ৮ উইকেটে ১৭৩ রান করতে সমর্থ হয় পারটেক্স। দলীয় ১০০ রানেই ৮ উইকেট হারিয়েছিল দলটি। জয়ের সম্ভাবনাও ততক্ষণে শেষ। ৯ম উইকেটে জুটি বেঁধে রীতিমতো তাণ্ডব চালান ইসহারুল-জয়নুল। শেষ ৫ ওভারে তারা যোগ করেন ৭৩ রান। ইসহারুল ২২ বলে অপরাজিত ৩৮ রান করেন। জয়নুল ১৪ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন। মেহেদী মারুফ ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।