ইত্তেফাক রিপোর্ট
শর্তসাপেক্ষে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের ৩ হাজার কোটি টাকার পাঁচ বছরমেয়াদি সিকিউরড কনভারটেবল অথবা রিডেম্বল অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুকের প্রস্তাব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার বিএসইসির ৭৭৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেক্সিমকো লিমিটেডকে লেটার অব ইনটেন্ট পাওয়ার পাঁচ কার্য দিবসের মধ্যে সুকুকের প্রস্তাবিত ট্রাস্ট্রির নিবন্ধন সনদ এবং কমিশন কর্তৃক অনুমোদিত ট্রাস্ট ডিডসহ চূড়ান্ত সাবস্ক্রিপশন অ্যাগ্রিমেন্ট জমা দেওয়া সাপেক্ষে সম্মতিপত্র ইস্যু করা হবে।
প্রস্তাবিত গ্রিন সুকুকটি ২২ দশমিক ৫০ বিলিয়ন প্রাইভেট প্লেসমেন্ট (৭ দশমিক ৫০ বিলিয়ন বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে এবং ১৫ বিলিয়ন বিদ্যমান শেয়ারহোল্ডার ছাড়া অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে সুকুক ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বর্ধিতকরণ এবং বেক্সিমকো দুইটি সরকার অনুমোদিত সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুত্ উত্পাদন প্রকল্পের (তিস্তা সোলার লিমিটেড এবং করতোয়া সোলার লিমিটেড) বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণ নিশ্চিত করবে।
এ সুকুকের প্রতি ইউনিটে অভিহিত মূল্য ১০০ টাকা। সুকুকটির ন্যূনতম সাবস্ক্রিপশন ৫ হাজার টাকা, ন্যূনতম লট ৫০টি। সুকুকটির সর্বনিম্ন প্রিয়ডিক ডিস্ট্রিবিউশন রেট ৯ শতাংশ। সুকুকটির ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ইস্যু ম্যানেজার হিসেবে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস ও অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট কাজ করছে।
