মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বরিশালে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু। নিহত পাঁচ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এ দুই দুর্ঘটনা ঘটে। ব্যুরো ও সংবাদদাতার পাঠানো খবর-
মুক্তাগাছা (ময়মনসিংহ) :মুক্তাগাছা উপজেলার বানারপার এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও ১ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বানারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চারিপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে সেলিম (৩০), একই গ্রামের কাশেম আলীর ছেলে সবুজ (২৩) ও লালমিয়ার ছেলে অন্তর (১৮)। আহত এক জনকে ময়মনসিংহ মেডিক্যল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল :ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নগরীর আমতলার মোড়ে ট্রাকটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেলসহ দুই আরোহী। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তারা। এই ঘটনায় ট্রাক চালক রবিউলকে আটক করা হয়েছে। তবে নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি, তবে তাদের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে।
