আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৩ জুন ২০২১, ২২:৩৪

করোনা দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার, সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোত্পাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনাসহ যে কোনো দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে গতকাল বুধবার ঢাকাসহ সারা দেশে পালিত হলো আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতি বছর জাঁকজমকপূর্ণ কর্মসূচি থাকলেও গতবারের ন্যায় এবারও করোনার কারণে ছিল না কোনো বড় আনুষ্ঠানিকতা। সীমিত পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, গরিব-অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

অন্যান্য বছরের মতো আওয়ামী লীগের জন্মদিনে নিষেধাজ্ঞার কারণে নামতে পারেনি মানুষের ঢল। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণ করতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে এসেছিলেন মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে আওয়ামী লীগের সীমিতসংখ্যক নেতাকর্মী।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডির দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

সকাল ৯টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান  গোলাপ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমাবায়বিষয়ক সম্পাদক ফরিদুননাহার লাইলী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ,  স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ, ইডেন কলেজ শাখা ছাত্রলীগ, প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের  নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।