পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। তবে সাক্ষাতে তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু জানা যায়নি।
এদিকে একইদিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বারিধারায় কূটনৈতিক অঞ্চলে পাকিস্তান হাইকমিশনের জন্য জমি বরাদ্দ ইস্যুতে আলোচনা হয়।
প্রসঙ্গত, গতকাল দুপুরে কাছাকাছি সময়ে সৌজন্য সাক্ষাত্ দুটি অনুষ্ঠিত হয়। প্রথমে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পাকিস্তানের হাইকমিশনার। এর মিনিট ১৫ পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করতে যান ভারতের হাইকমিশনার। তবে পররাষ্ট্রসচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের আলোচনা শেষ হওয়ার আগেই বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে যান।
