কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে তাড়া করেছে রাশিয়া। এ সময় যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ও বোমা নিক্ষেপ করে রাশিয়া। মস্কোর দাবি, জাহাজটি রুশ জলসীমায় ঢুকে গিয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ক্রিমিয়ার কেপ ফিওলেন্ট উপকূলে এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারকে সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল বলে দাবি করা হয়েছে। রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া হয়। তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। রাশিয়া বলছে, তাদের একটি প্যাট্রল জাহাজ এইচএমএস ডিফেন্ডারের দিকে গুলি ছুড়ে সতর্ক করে এবং একটি এসইউ-২৪ যুদ্ধবিমান সেটির গতিপথ বরাবর চারটি বোমা নিক্ষেপ করে। এতে বাধ্য হয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজটি বিপরীত দিকে মোড় নেয়। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এসব দাবি মিথ্যা বলে জানিয়েছে। তাদের দাবি, ডিফেন্ডারের দিকে গুলি ও বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি। রয়্যাল নেভির জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইউক্রেনের জলসীমা দিয়ে নির্বিঘ্নেই চলছে। —রয়টার্স
