অব্যাহতি পাচ্ছেন দুদকের ৩৩ মামলার 'ভুল' আসামি জাহালম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০

মোট ৩৩টি মামলার 'ভুল' আসামি জাহালমকে সকল মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। রবিবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট পক্ষের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট একটি বেঞ্চ এই আদেশ দেন। মোট ৩৩ টি মামলার মধ্যে জাহালমকে ২৬টি মামলায় আসামি করা হয় যেগুলো থেকে জাহালমকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ৭ মামলায় এখনো অভিযোগপত্র দাখিল না হওয়ায় সেগুলো থেকে অব্যাহতির বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

আদালতে শুনানির পর জাহালমের পক্ষের আইনজীবি অমিত দাস গুপ্ত বলেন, 'জাহালমকে ২৬ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তবে আরও ৭ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ায় সে বিষয়ে আদেশ দেননি আদালত। ফলে তার মুক্তিতে আর বাধা থাকছে না'।

এর আগে গত ২৮ জানুয়ারি ২৬টি মামলায় 'ভুল' আসামি জেলে থাকার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের প্রতিনিধি ও মামলার বাদীসহ চারজনকে তলব করেছিলেন হাইকোর্ট। এ বিষয়ে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থানের পর স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকের ওই প্রতিবেদন থেকে জানা যায়, আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির দায়ে ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন ও আদালতে হাজিরা দিয়ে চলেছেন জাহালম। কারাভোগ করা জাহালম পেশায় পাটকল শ্রমিক।

আরও পড়ুন: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, ৮ মাদক ব্যবসায়ীসহ আটক ৫৫

অর্থ জালয়াতির মামলায় আদালতে দুদকের পক্ষে শুনানিতে করেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত। আগামী ৬ ফেব্রুয়ারি জাহালমের কারাবাসের তিন বছর পূর্ণ হতে যাচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি