লোকসভার স্পিকারকে নালিশ পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকারের

আপডেট : ২৪ জুন ২০২১, ১০:২৪

পশ্চিমবঙ্গের গভর্নরের বিরুদ্ধে সাংবিধানিক পদে থেকে প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ আগেই উঠেছে। তবে এত দিন সেই অভিযোগ এবং পালটা অভিযোগ রাজ্যের ভেতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার গভর্নর জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রশাসনিক বিষয়ে গভর্নর হস্তক্ষেপ করছেন, রাজ্যের কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সব রাজ্যের বিধানসভার স্পিকারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিড়লা। সেখানেই ধনখড়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বিমান। তিনি বলেন, গভর্নর জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গ বিধানসভার প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন, যা তার এক্তিয়ারের বাইরে। শুধু তাই নয়, বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল ইচ্ছাকৃতভাবে গভর্নর ফেরত পাঠাচ্ছেন। তিনি বলেন, বিল পাশ করে পাঠানো হলেও, গভর্নরের অনুমতি মিলছে না।

কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গে নিয়োগ পাওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত চলে আসছে ধনখড়ে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, তাকে ‘বিজেপির এজেন্ট’ বলে প্রকাশ্যে কটাক্ষ করতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। এর পর সময় যত এগিয়েছে, ক্রমশই দুই পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। বারবার নেটমাধ্যমে রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন গভর্নর।

ইত্তেফাক/এসএ