ময়মনসিংহে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা অকেজো

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:১১

ময়মনসিংহে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে। বর্তমানে ময়মনসিংহ শহরে ক্রমবর্ধমান লোকসংখ্যা ও গাড়িঘোড়ার কারণে বিভিন্ন সিগন্যালে নাগরিকরা জ্যামে আটকা পড়ে থাকছেন। এতে তারা ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাচ্ছেন। অপ্রশস্ত সড়ক ও বিভাগীয় প্রাণকেন্দ্র হওয়ায় ময়মনসিংহ শহরে দিন দিন যানজট সমস্যা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে পুলিশ লাইন মোড় থেকে কাঁচিঝুলি হয়ে টাউন হল, গাঙ্গিনার পাড়, জুবলী ঘাট, চরপাড়া, কাচারী ও ব্রিজমোড়ে লেগে থাকা অসহনীয় যানজটে নাকাল পুরো ময়মনসিংহবাসী। এই কারণে আবারও এই মহানগরে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা দরকার। তাছাড়া এই শহরে একাধিক ফুটওভারব্রিজ নির্মাণ করাও জরুরি হয়ে পড়েছে। এই ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

এমআই করিম

কাঁচিঝুলি, ময়মনসিংহ