রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাকে যানজটমুক্ত করতে ১৭০ ফুট প্রশস্তের অত্যাধুনিক ১২ লেনের প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন ও কোরিয়ান উন্নয়ন সংস্থা জিএস গ্লোবালের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জিএস গ্লোবাল করপোরেশনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পার্ক গওয়া কেউন এ চুক্তিতে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র জানান, প্রাথমিকভাবে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে আশুলিয়া থেকে মির্জাপুর-রাজেন্দ্রপুর-টঙ্গী হয়ে পূর্বাচল পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ ১২ লেনের সড়ক প্রকল্পের কাজ আগামী অর্থবছরেই শুরু করা হবে। তিন বছরের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে।
