রুট পারমিট ছাড়া চলবে না বাস

আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৫৯

রাজধানীতে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। গতকাল বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা রিপোর্ট পেয়েছি ১ হাজার ৬৪৬টি গাড়ি রুট পারমিশন ছাড়া ঢাকায় চলাচল করে। আগামী পহেলা জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ মিলে আমরা যৌথ অভিযান চালাব। এই অভিযানে যাদের রুট পারমিট নেই তারা কেউ ঢাকা শহরে ঢুকতে এবং ঢাকার ওপর দিয়ে যেতেও পারবে না। অর্থাত্ রুট পারমিট ছাড়া ঢাকা শহরে কোনো গাড়ি চলতে পারবে না।  আমরা দেখেছি বাসগুলো প্রথমে রেজিস্ট্রেশন নেয়,  এরপর                   রুট পারমিশন গ্রহণ করে। কিন্তু সেটা আর হবে না। আগে রুট পারমিট গ্রহণ করতে হবে।                   তার পরে গাড়ির রেজিস্ট্রেশন হবে।’ মেয়র তাপস বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু             করতে চাচ্ছি। ঘাটারচরে একটি বাস ডিপো নির্মাণের জন্য দুই মেয়র একটি জায়গা শনাক্ত করেছি।

দুই সিটি করপোরেশনের বিভিন্ন যাত্রী ছাউনি, বাস বে নির্মাণের জন্য দরপত্রও সম্পন্ন করেছি। এই রুটে চলাচলকারী বাসের মালিক পক্ষের সঙ্গে চুক্তির খসড়া  প্রণয়ন হয়েছে।  সেই চুক্তি ৮ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি, আগামী ২৯ জুলাই এই চুক্তি সম্পাদন করা হবে।’ এ ছাড়া ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা সড়ক পরিবহনের সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ।