মোটরযান থেকে অগ্রিম কর প্রত্যাহার করার আহ্বান

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০০

বিনা নোটিশে মোটরযান থেকে অগ্রিম করের নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। তাদের দাবি, বিগত দুই বছর যাবত্ পণ্য পরিবহন সেক্টরে পরিবহন বাবদ ভাড়া অতিরিক্ত হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে যানবাহনের যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে জ্বালানি তেলে ব্যবহূত লুব্রিকেন্ট, টায়ার টিউবের মূল্য বৃদ্ধি, খুচরা যন্ত্রাংশের ওপর অতিরিক্ত করারোপের কারণে পরিবহনসেবায় নিয়োজিত পণ্য পরিবহন মালিকগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রায় সব পণ্য পরিবহন মালিক আর্থিক ক্ষতির কারণে চালক ও তার সহকারীর মাসিক বেতনসহ গাড়ির মাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার পাশাপাশি পরিবহনের ডকুমেন্ট হালনাগাদ করতে পারছেন না। উপরন্তু সরকারের কিছু কার্যক্রমের কারণে তাদের পণ্য পরিবহন ব্যবসা বন্ধ হওয়ার পথে। কয়েক দিন আগে ট্রাক-কাভার্ড ভ্যানের ডকুমেন্ট হালনাগাদ করতে অগ্রিম কর হিসেবে ১২ হাজার ৫০০ টাকা নিলেও ২২ জুন থেকে তা এক লাফে ৫৬ শতাংশ বৃদ্ধি করে ১৯ হাজার ৫০০ এবং প্রাইম মুভারের ক্ষেত্রে ১৯ হাজার ৫০০ টাকার স্থলে প্রায় ৫২ শতাংশ বৃদ্ধি করে ২৯ হাজার ৫০০ টাকা করা হয়েছে কোনো প্রকার নোটিশ ছাড়াই। এমতাবস্থায় অতিরিক্ত টাকা পণ্য পরিবহন মালিকদের ফেরত দেওয়াসহ অগ্রিম কর প্রত্যারের দাবি জানায় অ্যাসোসিয়েশন।—সংবাদ বিজ্ঞপ্তি