পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই বন্ধের দাবি

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৬

পঞ্চগড়সহ ছয়টি চিনিকল চালু, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই বন্ধ ও মৌসুমি শ্রমিক কর্মকর্তাদের বেতন মজুরি প্রদানের দাবি জানিয়েছেন পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে তারা পঞ্চগড় চিনিকলের দক্ষিণ গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম ও প্রবীণ কর্মচারী আব্দুল লতিফ বক্তব্য দেন।

পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সভাপতি মিজানুর রহমান বলেন, বিনা নোটিশে আমাদের সেন্টার ছেড়ে দেওয়ার চিঠি দিয়েছে পঞ্চগড় চিনিকল কর্তৃপক্ষ। আমরা সেন্টার ছেড়ে দেব না। যদি আমাদের দাবি মানা না হয় আগামী ২৬ জুন থেকে চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে লংমার্চ করব।

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ জাহান মাফরুহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে চিনিকলের পরিচালক (প্রশাসন) ইউসুফ আলী জানান, ‘আসলে বর্তমানে পঞ্চগড় চিনিকলের আখ মাড়াই বন্ধ ঘোষণা করেছে সরকার। কাজ নাই মজুরি নাই ভিত্তিতে ঐ শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল।’ নিয়ম অনুযায়ী গত ডিসেম্বরে ১০০ জন, এপ্রিলে ৫০ জন, ৩১ মে ৭০ জন শ্রমিকের কাজ না থাকায় তাদের কাজে না আসার জন্য চিঠি প্রদান করা হয়েছে।