ভোলা সদরের চর গাজীপুর চরে ধান রোপণকে কন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে কান্টু ব্যাপারী (৪৫) নামের এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। গতকাল বৃহস্পতিবার সকালে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরগাজী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় স্থানীয়রা সাত জনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানিয়েছেন ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদ শেখ। নিহত নুরুল ইসলাম ওরফে কান্টু ব্যাপারী ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগী গ্রামের মো. মফিজলের ছেলে। প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, কামাল তালুকদার গ্রুপের কান্টু ব্যাপারীসহ বেশ কয়েক জন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে গেলে বিপক্ষ লালমিয়া গ্রুপের লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ বাধলে কান্টু ব্যাপারী নিহত এবং বেশ কয়েক জন আহত হন। ইলশা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. ফরিদ শেখ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
