বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৬

নতুন কোনো করারোপ ছাড়াই বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের ৩৩তম বাজেট ঘোষণা করেছেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। পৌর হলরুমে ৪ লাখ ৪ হাজার ২৩১ টাকা উদ্বৃত্ত রেখে ৪৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ২৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ সময় পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাজেট বক্তব্যে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথম ৩ লাখ টাকার বাজেট ঘোষণা করি। আজ ৩৩তম বাজেটে ৪৫ কোটিতে পৌঁছেছে।

কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার সকালে। সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে ৬ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭১৩ টাকার এ বাজেট ঘোষণা করেছেন মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা। অনুষ্ঠানে বাজেটের ওপর আলোচনা করেন কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু প্রমুখ।

ত্রিশাল পৌরসভার বাজেট ঘোষণা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৩৩ কোটি ৬৭ লাখ ৮৯৩ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে এ লক্ষ্যে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম।

ভাঙ্গুড়া পৌরসভার বাজেট ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, ভাঙ্গুড়া পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২১ কোটি ৮০ লাখ ১২ হাজার টাকার এ বাজেট পেশ করেন মেয়র গোলাম হাসনাইন রাসেল। বাজেটে প্রস্তাবিত উন্নয়ন আয় ধরা হয়েছে ১৭ কোটি ৫০ লাখ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ ১২ হাজার টাকা। এ সময় পৌরসভার প্যানেল মেয়র বরাত আলী, পৌর সচিব উত্তম কুমার শাহা, হিসাবরক্ষক নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।