বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন বৃহস্পতিবার দুপুর ২টায় গণিত ও মার্কেটিং বিভাগের পরীক্ষা শুরু হয়। স্যানিটাইজারের ব্যবস্থাসহ শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এ ছাড়া যদি কোনো শিক্ষার্থী অসুস্থ থাকেন সেক্ষেত্রে তাদের আলাদাভাবে পরীক্ষা গ্রহণেরও ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তদারকি করছে। পরীক্ষা চলাকালীন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন হল পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (চ.দা.) সাযযাদ উল্লাহ মো. ফয়সলসহ পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেশনজট কমাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।  উল্লেখ্য, গত ৯ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভায় বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ ২৪ জুন থেকে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।