কটিয়াদী পৌর এলাকার বিভিন্ন মহল্লায় এক মাসে অন্তত ৫০টি নলকূপের মাথা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্কণ্ঠা দেখা দিয়েছে। জানা গেছে, পূর্বপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর বিপ্লব সাহার একটি পানির মোটরসহ নলকূপের মাথা, বেথইর মহল্লার মফিজ উদ্দিনের একটি, কামারকোনা মহল্লার রেণু আক্তারের একটি, একই মহল্লার মোজাম্মেল হকের পানির মোটর, হামিদা খাতুনের একটি নলকূপের মাথা চুরি হয়েছে। এমনকি বাজার, ধর্মীয় উপাসনালয়ের নলকূপও বাদ যাচ্ছে না চোরের উপদ্রব থেকে।
পৌর মেয়র শওকত উসমান বলেন, বিভিন্ন মহল্লা থেকে নলকূপের মাথা চুরির অনেক অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশকে অবহিত করেছি। ভুক্তভোগী রেণু আক্তার জানান, উঠতি বয়সি নেশাখোর যুবকরাই এ ঘটনা ঘটাচ্ছে। তারা নলকূপের মাথা চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে দেয়।
কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, বিষয়টি পুলিশের নজরে আছে। চুরি বন্ধ করতে তত্পর রয়েছি।
