সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৮

কারাগার থেকে মুক্তিপ্রাপ্তরা পেলেন সেলাই মেশিন ও ভ্যান

বরিশাল অফিস বরিশালে কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত নারী-পুরুষদের মধ্যে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এগুলো বিতরণ করে অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমাজ সেবা অধিদপ্তর। বরিশাল জেলখানা চত্বরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের তত্ত্বাবধানে কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

মত্স্যজীবী পরিবারের মানববন্ধন

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় আত্রাই নদী তীরবর্তী বিলদহর এলাকায় বৃহস্পতিবার মানববন্ধন করেছে মত্স্যজীবী পরিবার। বর্ষাকালে জীবন-জীবিকা রক্ষা ও খরা জাল দিয়ে মাছ ধরার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন মত্স্যজীবী আবু হানিফ, জসমত আলী প্রামাণিক প্রমুখ।

জেলেদের মধ্যে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা চারঘাটে বৃহস্পতিবার জেলেদের মধ্যে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে রাজশাহী বিভাগে মত্স্যসম্পদ উন্নয়ন প্রকল্প জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওতায় উপজেলায় ২৫ জন জেলের মধ্যে এগুলো বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান হয়।

গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা

পাবনা প্রতিনিধি পাবনায় পেশাদার গাড়িচালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেলের উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। পাবনা বিআরটিএর সহকারী পরিচালক মো. আব্দুল হালিম কর্মশালায় সভাপতিত্ব করেন।

নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুরে বৃহস্পতিবার দুপুরে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচি উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৮ জন দরিদ্র নারীর মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জাতীয় যক্ষ্মা নিরোধবিষয়ক আলোচনা  

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় যক্ষ্মা নিরোধবিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান।

তথ্যপ্রযুক্তি ব্যবহারে শিক্ষকদের প্রশিক্ষণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ডিজিটাল পদ্ধতিতে অ্যাপস ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। দুই দিনব্যাপী তিন ব্যাচে ৭৫ জন শিক্ষকের এই প্রশিক্ষণ কর্মশালা চর ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী। 

তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনার বিভিন্ন গ্রামীণ রাস্তায় বৃহস্পতিবার বজ্রপাত নিরোধক হিসেবে তালের চারা রোপণ এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর উদ্বোধন করেন। এ সময় হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে, হোমনা  পৌরসভার মেয়ার অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্যসহায়তা পেলেন ১০০ কর্মহীন ব্যক্তি

নাটোর প্রতিনিধি নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার খাদ্যসহায়তা পেলেন ১০০ কর্মহীন ব্যক্তি। ৩৩৩ নম্বরে ফোন করে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ১০০ জন এ খাদ্যসহায়তা পেয়েছেন। নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ ঐ ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা তুলে দেন।

ইউআইডি নম্বর প্রদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালীতে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ইউআইডি নম্বর প্রদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ।