প্রকাশিত হত্যার অপ্রকাশিত প্রতিবেদন

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৯

দৃশ্য-১ [পুরাঘটিত বর্তমান]

 

তিনদিন নিখোঁজ থাকার পর পাওয়া গেল শিশুটির অর্ধগলিত লাশ। ডোবার পাশে বস্তাবন্দি। একমাত্র সন্তান হারিয়ে বাক্্রুদ্ধ বাবা। মা আর্তনাদ করছে পাগলের মতো। পোস্টমর্টেম রিপোর্ট—শ্বাসরোধে হত্যা। এইটুকু শিশুরও শত্রু থাকতে পারে? ভেবে কূল পায় না কেউ। পুলিশ ও সাংবাদিকেরা আসে। খবর ছড়িয়ে পড়ে সারাদেশে। শিশুহত্যার বিচার চেয়ে উত্তাল হয়ে ওঠে ফেসবুক। রাজপথে মানববন্ধন হয়। রাতের টকশোতে জানানো হয় ধিক্কার-প্রতিবাদ।

 

দৃশ্য-২ [ঘটমান অতীত]

 

তখন ভরদুপুর। ঘুম ভেঙে যায় হঠাত্। অন্য ঘরে গিয়ে শিশুটি দেখে তার মা ও পাশের বাড়ির চকলেট আঙ্কেল বিবস্ত্র হয়ে শুয়ে আছে বিছানায়। মায়ের শরীরের উপরে আঙ্কেল। ভয়ে কেঁদে ওঠে শিশুটি। বলে : ‘মা, তোমরা এসব কী করছো? আমি বাবাকে সব বলে দেবো!’

 

দৃশ্য-৩ [ক্রিয়ার কাল]

 

একজোড়া পুরুষালি লোমশ হাত শিশুটির গলা চেপে ধরে।